যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন পেপ্যালের।
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন পেপ্যালের
![]() |
| যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন পেপ্যালের । ছবি: সংগৃহীত |
অনলাইনভিত্তিক জনপ্রিয় পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যাল যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছে। দেশটির আর্থিক খাতে তুলনামূলক শিথিল নীতির সুযোগ কাজে লাগাতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি বলে জানা গেছে।
সোমবার পেপ্যাল কর্তৃপক্ষ জানায়, তারা উটাহ ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) কাছে প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছে। ব্যাংক হিসেবে অনুমোদন পেলে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা আরও সহজ করা সম্ভব হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, ছোট ব্যবসাগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন এখনো একটি বড় বাধা। ব্যাংকিং লাইসেন্স পেলে পেপ্যালের আর্থিক সক্ষমতা বাড়বে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ব্যবসার প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা যাবে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে নীতিগত নমনীয়তার কারণে ফিনটেক, ক্রিপ্টো এবং অনলাইনভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নতুন করে ব্যাংকিং খাতে প্রবেশের চেষ্টা করছে। চলতি বছর ব্রাজিলভিত্তিক ডিজিটাল ব্যাংক নুব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম কয়েনবেসও ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে।
১৯৯৮ সালে ইলন মাস্ক ও পিটার থিয়েলের হাত ধরে যাত্রা শুরু করে পেপ্যাল। ২০১৩ সালের পর থেকে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে লক্ষাধিক গ্রাহককে কয়েক দশমিক বিলিয়ন ডলারের ঋণ ও পুঁজিসহায়তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেলে তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি গ্রাহকদের আমানতের ভিত্তিতে সেবা দিতে পারবে পেপ্যাল। এতে এফডিআইসির আওতায় গ্রাহকদের আমানতও সুরক্ষিত থাকবে।
উল্লেখ্য, পেপ্যাল ইতোমধ্যে ইউরোপের দেশ লুক্সেমবার্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। পাশাপাশি, টয়োটার ফিন্যান্সিং বিভাগের সাবেক প্রধান নির্বাহী মারা ম্যাকনিলকে পেপ্যালের নতুন ব্যাংকিং উদ্যোগের নেতৃত্বে আনার পরিকল্পনাও রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন